চলন্ত মাইক্রোবাসে আগুন

বগুড়ায় একটি চলন্ত মাইক্রোবাসে আগুন ধরে পুড়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য তিনজন প্রাণে বেঁচে গেছেন। বুধবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। কর্মকর্তাদের ধারণা, ব্যাটারির শর্ট সার্কিট থেকে মাইক্রোবাসে আগুনের সূত্রপাত হয়েছিল। বগুড়া হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির এসআই সুলতান ও শেরপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান জানান, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী উপজেলার রুবিগেট মুসা ভিলার রায়হান কবির রানা ব্যবসায়িক কাজে তার মাইক্রোবাসে দিনাজপুরে যান। তার সঙ্গে বন্ধু মাদ্রাসার অধ্যক্ষ ফোরকান আলী ও চালক মো. টিটু ছিলেন। কাজ শেষে বুধবার তারা চট্টগ্রামে ফিরছিলেন।

তরি জানান, সকাল ১০টার দিকে শাজাহানপুরে সাজাপুরে একটি পাম্প থেকে সিএনজি গ্যাস নেয়া হয়। এরপর রওনা হলে সবার অজান্তে মাইক্রোবাসে আগুন ধরে যায়। মাইক্রোবাস আড়িয়াবাজার এলাকায় পৌঁছলে জনগণ টের পেয়ে চিৎকার করতে থাকেন।

এ সময় চালক টিটু আগুন আঁচ করতে পেরে মাইক্রোবাস থামিয়ে দেন। এরপর তারা তিনজন দ্রুত নেমে যান। আগুনে ব্যবসায়ী রায়হান কবির রানা সামান্য আহত হন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। তারা কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন। এর আগেই মাইক্রোবাসটি পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, মাইক্রোবাসের ব্যাটারি থেকে শর্ট সার্কিটে আগুন ধরে। ব্যবসায়ী রায়হান কবির রানা জানান, তার দুটি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, কাপড়চোপড়সহ মাইক্রোবাস পুড়ে গেছে। এতে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তিনি শাজাহানপুর থানায় এ ব্যাপারে জিডি করেছেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর