জাবিতে গ্রেনেড হামলায় জড়িতদের প্রতীকী ফাঁসি

২১ আগস্টে গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে প্রতীকী ফাঁসির কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া তলায় এ প্রতীকী কর্মসূচি পালন করেন তারা।

এতে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু ও হারিস চৌধুরীকে প্রতীকী ফাঁসি দেয়া হয়।

এর আগে বেলা ১২ টায় পরিবহণ চত্ত্বর থেকে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার নেতৃত্বে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রতীকী ফাঁসির মঞ্চের সামনে এসে শেষ হয়।

প্রতীকী ফাঁসির মঞ্চের পাশে দাঁড়িয়ে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, “২০০৪ সালের এই ২১ আগস্টে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলায় হত্যাচেষ্টার মধ্য দিয়ে দেশকে অন্ধকারে পতিত করার প্রচেষ্টা করা হয়। ঐ হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান দেশনেত্রী শেখ হাসিনা। সেদিন রক্তাত্ত হয়েছিল বাংলাদেশ। প্রায় ৪০০ জন দলীয় নেতাকর্মী সেদিন আহত হয়। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ-কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি। ২১ আগস্টের ভয়াল এই হামলার সাথে তখনকার বিএনপি-জামায়াত জোট সরকার জড়িত ছিল। এই হামলার প্রধান আসামি বিএনপির তারেক জিয়া, লুৎফর রহমান বাবর সহ অন্যান্য জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে।”

এ সময় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় দুইশত নেতাকর্মী উপস্থিত ছিল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর