আশুলিয়ায় দোকানপাট ভাংচুর ও লুট

শিল্পাঞ্চল ঢাকার আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি মার্কেটের ১৪ টি দোকানপাট ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ আগস্ট) ভোর রাতে আশুলিয়ার ঘোড়াপীর মাজার এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও র‌্যাব-৪ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গণস্বাস্থ্য কেন্দ্রের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নাছির উদ্দিন ঘোড়াপীর মাজার এলাকায় ১৫ শতাংশ জমিতে একটি মার্কেট করে ৩০টি দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন। ওই জায়গা নিজেদের দাবি করে ভোররাতে গণস্বাস্থ্য কেন্দ্র ভেকু (খননযন্ত্র) দিয়ে ওই মার্কেটের ১৪ টি দোকান ও একটি হোটেলে ভাংচুর করে। দুর্বৃত্তরা এসময় দোকানের মালামাল ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

তবে এব্যাপারে গণস্বাস্থ্য কেন্দ্রের এসংক্রান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর