রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক শুরু হয়। বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
একই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা আছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
সূত্র জানায়, আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে যাবেন। জয়শঙ্করের ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।
ভারতের বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। জয়শঙ্করকে ঢাকায় আসার জন্য গত মাসে দিল্লিতে তার অফিসে আমন্ত্রণপত্র পৌঁছে দেন সেখানের বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। তিনি সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেন। আগামী বুধবার (২১ আগস্ট) জয়শঙ্কর ঢাকা ত্যাগ করবেন।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে জয়শঙ্কর সোমবার রাতে ঢাকায় আসেন।
বার্তাবাজার/আ