নগরীতে জুতার তলায় লুকিয়ে ইয়াবা সরবরাহকালে প্রথমে একজনকে ও পরে তার দেওয়া তথ্য মতে আরও এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তাদের কাছ থেকে মোট ৯৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (১৯ আগস্ট) তাদের গ্রেফতারের বিষয়টি জানায় কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত দুইজন হলো- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে শামসুল আলম (৩৩) ও টেকনাফ উপজেলার কচ্চবনিয়া এলাকার মো. ভুট্টুর ছেলে মো. পারভেজ (২০)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, রোববার সন্ধ্যায় বিআরটিসি মোড়ে ফ্লাইওভারের উপর একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করা হয়। তল্লাশী করার সময় যাত্রী শামসুল আলমের কথাবার্তা সন্দেহজনক মনে হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শামসুল আলম জুতার তলায় ইয়াবা লুকানো আছে বলে স্বীকার করে এবং নিজেই জুতার তলা ছিঁড়ে ইয়াবাগুলো বের করে দেয়।
ওসি আরো জানান, শামসুল আলম জুতাসহ ইয়াবাগুলো নিউমার্কেট এলাকা হতে পারভেজের কাছ সংগ্রহ করে হালিশহর ফকিরাগলি এলাকার মো. রাশেদের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। পরে শামসুল আলমের মাধ্যমে পারভেজকেও গ্রেফতার করা হয়।
ওসি মোহাম্মদ মহসীন জানান, পারভেজ জানিয়েছে শামসুল আলমের ভাই খোরশেদ আলম এসব ইয়াবা টেকনাফ থেকে কিনে তাদের কাছে পাঠিয়েছেন বিক্রি করার জন্য। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত শামসুল আলম ও মো. পারভেজের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানা এবং সিএমপির বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে তথ্য দেন ওসি মোহাম্মদ মহসীন।