বাল্যবিয়ে দেয়ায় কনের পিতা ও বরের কারাদণ্ড

সিরাজগঞ্জ সদরে দুই স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ দেয়ার অপরাধে কনের পিতা ও বরকে কারাদন্ড প্রদান করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

রবিবার (১৮ আগস্ট) রাতে সিরাজগঞ্জ সদরের ছোনগাছা ইউনিয়নের গুপিরপাড়া গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রী মোছাঃ তানজিলা খাতুন সীমা (১৪) কে আইন অমান্য করে বাল্যবিবাহ দেয়ার অপরাধে তার পিতা লেবু মিয়াকে এবং খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রী মোছাঃ ময়না খাতুন (১৩) কে আইন অমান্য করে বাল্যবিবাহ করার অপরাধে তার বর হযরত আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

আদালত সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের গুপিরপাড়া গ্রামে সংগীয় ফোর্স নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। কনে তানজিলা খাতুন সীমা (১৩) কে বাল্যবিবাহ দেয়ার অপরাধে তার পিতা লেবু মিয়াকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং বহুলী ইউনিয়নের ছাব্বিশা আলোকদিয়া গ্রামে অভিযান চালিয়ে কনে তেলকুপি গ্রামের মানিক হোসেন এর কন্যা ময়না খাতুন (১৩) কে বাল্যবিবাহ করার অপরাধে ছাব্বিশা আলোকদিয়া গ্রামের বর হযরত আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য যে,গত ১৪ আগষ্ট বাল্যবিবাহ দুটো বন্ধ করে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়েছিল এবং অর্থদন্ড প্রদান করা হয়েছিল। কিন্তু কনের অভিভাবকবৃন্দ মুচলেকার শর্ত না মেনে ঐদিনই বাল্যবিবাহ দিলে ভ্রাম্যমাণ আদালত এ কারাদন্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর