পাবনার সাঁথিয়ায় ডাকাতি করে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে অস্ত্র, খুন, ডাকাতি, ছিনতাই ও বিস্ফোরক আইনে প্রায় ডজন খানেক মামলার আসামীসহ দুইজন ডাকাত নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ছোন্দহ গ্রামে পাউবোর নিস্কাশন ক্যানেলে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি ও একটি শাটারগান উদ্ধার করে।
পুলিশের দাবী নিহতরা চরমপন্থি সর্বহারা দলের সক্রিয় সদস্য ছিল। নিহতরা হলেন- উপজেলার জোড়গাছা গ্রামের আঃ ছাত্তারের ছেলে শাহীন ওরফে হলকা শাহীন (৪৫) ও মাছিম ওরফে কালু (৩৫) পিতা অজ্ঞাত।
সাঁথিয়া থানা পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ৪ জন চরমপন্থি দলের সদস্য উপজেলার ছোন্দহ ক্যানেলপাড়া গ্রামের সিদ্দিক করাতির বাড়ি থেকে স্বর্লালংকার ডাকাতি করে যাওয়ার সময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদলকে ঘিরে ফেলে।
এসময় তারা ক্যানেলের পানিতে ঝাঁপ দেয়। পরে কচুরিপানার মধ্য থেকে দুইজনকে ধরে গণপিটুনি দেয় জনতা। বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে ওসি তদন্ত আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জনতার রোষানল থেকে গুরুতর আহত অবস্থায় ২জনকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের পাবনা জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে আতাইকুলা পার হতেই তারা মারা যায়।
শনিবার সকালে সরেজমিনে ঘটনাস্থলে গেলে নন্দনপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লাাসহ স্থানীয়রা জানান নিহতরা দীর্ঘ দিন ধরে এলাকায় চাঁদাবাজী, ডাকাতি ও সন্ত্রাসী কার্যাক্রম করে আসছিল। এদের জ্বালায় অতিষ্ট ছিল এলাকাবাসী। তাদের মৃত্যুতে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
নিস্কাশন ক্যানাল পাড়ের বাসিন্দা নন্দনপুর ইউপি সদস্য চাঁদ আলী , সিদ্দিক করাতির মেয়ে সুলতানা, আমিন উদ্দিনের স্ত্রী শিলা,রাসেলের স্ত্রী দিশা, লুৎফর রহমানের স্ত্রী সাদিয়াসহ অনেকেই জানান, এরা অনেক দিন ধরে ছোন্দহ, দাড়ামুদা, চুলকাটিসহ বিভিন্ন গ্রামে গৃহবধূদের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়া, চাঁদাবাজি, ধর্ষণ ও অটোরিক্সা ভ্যান ডাকাতি করে নিয়ে যেত। সন্ত্রাসীরা নিহত হওয়ায় এলাকাবাসী আনন্দ উাল্লাস করছে।
সাঁথিয়া থানার ওসি তদন্ত আব্দুর রহমান জানান, তাদের বিরুদ্ধে সাঁথিয়াসহ বিভিন্ন থানায় অস্ত্র, খুন, ডাকাতি, ছিনতাই ও বিস্ফোরক আইনে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। কয়েকটি মামলার ওয়ারেন্ট রয়েছে এদের বিরুদ্ধে। এ সময় ঘটনাস্থল থেকে ১ রাউন্ড তাজা গুলি ও একটি শাটারগান উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া) সার্কেল জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বার্তাবাজার/কে.জে.পি