মাদক কেনার টাকা না পেয়ে বাবার রাম দা’র কুপে ছেলে আহত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় মাদক কেনার টাকা না পেয়ে আপন ছেলেকে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে এক ঘাতক পিতা। ১৫ আগস্ট বৃহস্পতিবার বিকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের চান্দাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ঘাতক পিতা ওই গ্রামের নূর হোসেন ওরফে নুরু মিয়ার ছেলে জহির উদ্দিন এবং আহত ব্যক্তি তারই ছেলে রিপন (১৮)।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, জহির উদ্দিন দীর্ঘদিন যাবৎ মাদক সেবনের সঙ্গে জড়িত রয়েছে। সে মাঝে মধ্যেই টাকা-পয়সা নিয়ে তার স্ত্রী রেহেনা বেগমের সঙ্গে ঝগড়া-বিবাদ করে। সেই দিন জহির উদ্দিন তার স্ত্রীর কাছে টাকা চাইলে ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়। জহির উদ্দিনের ছেলে এর প্রতিবাদ করে। এই প্রতিবাদ বাকবিতন্ডার রূপ নিলে জহির উদ্দিন পর্যায়ে ধারালো রাম দা দিয়ে তার ছেলে রিপনকে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার সময় তাদের প্রতিবেশী মৃত আলী হোসেনের ছেলে বদিউজ্জামান (৫০) প্রতিরোধ করতে গেলে জহির উদ্দিন তাকেও কুপিয়ে গুরুতর জখম করে।

পরে এলাকাবাসী ওই ঘাতক পিতাকে আটক করে শ্রীবরদী থানা পুলিশের কাছে সোপর্দ করে এবং রিপন ও বদিউজ্জামান কে মুমূর্ষু অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে শেরপুর সদর হাসপাতাল থেকে তাহাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনায় বদিউজ্জামানের স্ত্রী আয়শা বেগম বাদী হয়ে জহির উদ্দিনের নামে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার ব্যাপারে মামলা হয়েছে বলে জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর