সিংগাইরে কবর থেকে নারীর কঙ্কাল চুরি

মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কবর থেকে মৃত্যুর ১৪ বছর পর মোনেক্কা নামের এক নারীর কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত.মোনেক্কা ওই গ্রামের জাবেদ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, জাবেদ আলীর স্ত্রী মোনেক্কা ২০০৫ সালে ১৪ বছর আগে নিজ বাড়িতে ঘরের মধ্যে বসে থাকা অবস্থায় বজ্রপাতে নিহত হন। পরে তাকে ওই বাড়িতেই পারিবারিক কবরে দাফন করা হয়। শুক্রবার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে দেখে কবরের মাটি খুঁড়ে নারীর কঙ্কালটি নিয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয় এবং বিভিন্ন এলাকার মানুষ জাবেদ আলীর বাড়িতে ভিড় জমায়।

জাবেদ আলীর মেয়ে রুবিয়া আক্তার(১৮) প্রতিবেশী নূর ইসলামের পুত্র হায়দার আলী(৩৫) কে অভিযুক্ত করে বলেন, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চেতনানাশক ওষুধ মিশিয়ে সেভেন আপ খাইয়ে পরিবারের সকলকে অচেতন করে। পরে সে লোকজন নিয়ে কঙ্কাল চুরি করে । অপরদিকে হায়দারের পিতা নূর ইসলাম অভিযোগটি অস্বীকার করেন।

এব্যাপারে ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, সকালে খবর পেয়ে জাবেদ আলীর বাড়িতে যাই, গিয়ে দেখি তার স্ত্রীর কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। সিংগাইর থানা অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন বলেন, এ বিষয়ে আমি অবগত নয়। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর