বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালে জন্ম নেয়া সাবেক এ প্রধানমন্ত্রী এদিন ৭৫ বছরে পা দেন।
প্রতিবার ঘটা করেই দলীয় নেত্রীর জন্মদিন পালন করে বিএনপি। প্রথম প্রহরে বিশাল কেক কেটে জমকালো জন্মদিন পালন করেন দলের নেতাকর্মীরা। কিন্তু এই প্রথম দলীয় নেত্রীর জন্মবারে কোনো কর্মসূচি দেয়নি বিএনপি। কর্মসূচি দিয়েছে একদিন পর।
আজ সারা দেশে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করছে বিএনপি।
প্রতিবারের রেওয়াজ থেকে হঠাৎ বেরিয়ে এসে একদিন পর খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, বহুদিন পর বিএনপি একটি ইতিবাচক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিল। আবার কেউ কেউ বলছেন, বিএনপির এ সিদ্ধান্তে খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হবে।
জানা গেছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে দলীয় নেত্রীর জন্মদিন পালন করা নিয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করতে চায় না বিএনপি। তাই এবার জাতীয় শোক দিবসে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন পালন করেনি দলটি।
বিতর্ক এড়াতে ১৫ আগস্টের জন্মদিনের কর্মসূচি একদিন পিছিয়ে ১৬ আগস্ট পালন করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও ১৫ আগস্ট জন্মদিন উপলক্ষে কেক কাটতে অনুৎসাহিত করা হয়েছে। অথচ প্রতিবারই ১৫ আগস্টের প্রথম প্রহরে দলীয় কার্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে বড় কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। অন্যান্য অঙ্গ সংগঠনও একই ধরনের কর্মসূচি পালন করে আসছে।
বার্তাবাজার/এসআর