ভিজিএফের চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যান আটক

ঈদুল আজহা উপলক্ষে হত দরিদ্রদের মাঝে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে সরবরাহ করা ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে পাবনার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আতিয়ার হোসেনসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, অসহায় হত দরিদ্র মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার বিনা মূল্যে ভিজিএফের চাল বণ্টন করে। আতাইকুলা ইউনিয়নে তিন হাজার ৯৬৫ জন কার্ডধারীর অনূকুলে ৫৯.৪৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ হয়। প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেওয়ার নিয়ম থাকলেও চেয়ারম্যান ১০ থেকে ১১ কেজি করে চাল বণ্টন করেন।

পুলিশ আরও জানায়, আজ ভোরে চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িচালক উজ্জল (২৫) ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মিলন (২৬) পরিষদের গুদাম থেকে ১৬ বস্তা চাল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে গাড়িতে নেওয়ার সময় গঙ্গারামপুর বাজারে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালসহ তাদের আটক করে।

পরে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোকসানা মিতার নেতৃত্বে পরিষদের গুদাম তল্লাশি করে আরও ২২ বস্তা চাল উদ্ধার হয়।

এ ঘটনায় ইউনিয়ন রিলিফ বণ্টন অফিসার ও উপসহকারী প্রকৌশলী এলজিইডি পাবনা ফরহাদ লতিফ বাদী হয়ে চাল ব্যবসায়ী মুন্নাফ (৪০) সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভিজিএফের চাল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় চেয়ারম্যানসহ তিন জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত চাল থানা হেফাজতে রয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর