এবার ডেঙ্গু কেড়ে নিলো শিশুর প্রাণ

ফরিদপুরের মধুখালীতে ডেঙ্গুজ্বরে তানজিদ মোল্লা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

তানজিদ ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকার বাসিন্দা ভ্যানচালক জাহিদ মোল্লার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ১১ আগস্ট রোববার তানজিদকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করার পর তার ডেঙ্গু ধরা পড়ে। গতকাল সে মারা যায়। এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট তিনজন মারা গেল।

এর আগে গত ৯ আগস্ট গৃহবধূ লিপি আক্তার (২৫) ও ১ আগস্ট মাদারীপুরের রাজৈর উপজেলার টেপাখোলা এলাকার বাসিন্দা শারমীন (২২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে গত ২০ জুলাই থেকে আজ বুধবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৫৭১ জন। মারা গেছেন ৩ জন, আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ২৪৬ জন। ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৩১২ জন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর