ঢাকার ধামরাইয়ে নদীতে গোসল করতে নেমে নাসিম আহমেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১১ আগস্ট) উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় বংশী নদীতে এ ঘটনা ঘটে। নিহত নাসিম ওই এলাকার মোঃ সেলিমের ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার লিটন আহমেদ জানান, রবিবার দুপুরে বন্ধুদের সাথে বংশী নদীতে গোসল করতে যায় নাসিম। সাঁতার না জানা থাকায় নদীর স্রোতে তলিয়ে যায় সে। এ ঘটনার পরে স্থানীয়রা নদীতে অভিযান চালিয়ে নাসিমের কোন সন্ধান না পেয়ে পরে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরিরা এসে প্রায় ২ ঘন্টা অভিযান চালিয়ে নাসিমকে উদ্ধার করে। পরে উদ্ধারকৃত নাসিমকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, খবর পেয়ে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বার্তা বাজার/কেএ