অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন অভিযোগে নোয়াখালীতে ছয়টি পরবিহনকে অর্থদন্ড দেয়া হয়েছে৷ শুক্রবার (৯ আগষ্ট) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব পরিবহনকে অর্থদন্ড দেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের ফেসবুক পেইজে অভিযোগ পেয়ে জেলা প্রশাসক তন্ময় দাসের নির্দেশে দূরপাল্লার বাস কাউন্টারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযান চলাকালে মোট ছয়টি পরিবহনকে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চাপাইনবাবগঞ্জগামী আরপি চ্যালেঞ্জারকে ৩০ হাজার টাকা, ঢাকা এক্সপ্রেসকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাচল পরিবহনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করায় রয়েল সার্ভিসকে ৫ হাজার টাকা, রুট পারমিট ছাড়া নোয়াখালী থেকে যাত্রী পরিবহন করায় শ্যামলী পরিহনকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকনুজ্জামানখান। আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও র্যাব-১১ এর সদস্যরা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকনুজ্জামান খান জানান, জনস্বার্থে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রাখবে।