না ফেরার দেশের যাত্রী মেহেদী, আশঙ্কাজনক অন্তঃসত্ত্বা স্ত্রী

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, এমন বুক ভরা প্রত্যাশা নিয়ে অন্যান্যদের ন্যায় গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হলেন মেহেদী দম্পত্তিও।কিন্তু কে জানত এটা যে মেহেদীর পরপারের যাত্র! ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় নাটোরের বনপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোকসানাসহ দুজন আহত হয়েছেন।

শুক্রবার (০৯ আগস্ট) সকাল ৯টার দিকে বনপাড়া-কুষ্টিয়া মহাসড়কের বড়াইগ্রামের বনপাড়া পৌর সীমান্তসংলগ্ন গোধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামের বাসিন্দা। আহত আরেক ব্যক্তি মোটরসাইকেল আরোহী বাবু হোসেন (৩০)। তিনি একটি ঠিকাদার প্রতিষ্ঠানের ফোরম্যান হিসেবে কর্মরত আছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর রোকসানাকে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়।তার অবস্থাও গুরুতর।

বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান। তিনি জানান, ঈদের ছুটিতে কর্মস্থল টাঙ্গাইল থেকে মেহেদী হাসান তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। অপরদিকে বাবু মেহেরপুর থেকে নাটোরের নলডাঙ্গায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় উপজেলার গোধরা এলাকায় মোটরসাইকেল দুটি মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর