টানা দশ দিন ধরে চলছে বৃষ্টি। বন্যার পানি থেকে রক্ষা পেতে আমগাছে আশ্রয় নিয়েছিলেন দম্পতি। কিন্তু পানি না কমায় শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে।
সম্প্রতি ভারতের উত্তর কর্নাটকের বেলাগাভি শহর থেকে কিছুটা দূরে কাবালাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বন্যায় কর্ণাটকের প্রায় ৮২ হাজার ২০৭ হেক্টর জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। স্রোতে ভেসে গেছে প্রায় ১৬২ গ্রাম। সেখানের একটি গ্রাম কাবালাপুর।
গেল সোমবার (৫ আগস্ট) কাবালাপুর গ্রামের একটি খামার বাড়িতে ঘুরতে যান কাদাপ্পা ও রত্নাভা নামে ওই দম্পতি। সকালে বুঝতে পারেন এলাকায় বন্যার পানি ঢুকেছে। পানির উচ্চতা বাড়তে শুরু করলে তারা বাড়ির ছাদে আশ্রয় নেয়। পরে আর কোনও রাস্তা না পেয়ে গাছে উঠতে বাধ্য হন তারা।
স্রোত এতটাই বেশি ছিল যে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল পাঠানো হয়। উদ্ধারকার্যে ওই অঞ্চলের মৎস্যজীবীদের সাহায্য নিতে গিয়ে তারাও ভেসে যায় স্রোতে।
স্থানীয় সহকারী কমিশনার কবিতা যোগাপ্পানাভার জানিয়েছেন, ‘ভারী বৃষ্টির কারণে ওই দম্পতিকে খামার বাড়িতে যেতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তারা শোনেনি।
বার্তাবাজার/এএস