শেরপুর জেলা পুলিশের মশক নিধন অভিযান

সারাদেশে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে ইতোমধ্যে পুলিশ কর্মকর্তা ও চিকিৎসকসহ অর্ধশত মানুষের প্রাণ গেছে ডেঙ্গুতে। এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সবার মাঝে।

তবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। সচেতনতার অংশ হিসেবে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে শেরপুরের জেলা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ স্প্রে করে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।

এসময় পুলিশ সুপারের সাথে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, ডিআইও-১ (বিশেষ শাখা) মোঃ আবুল বাশারসহ পুলিশের উর্ধ্বতন কমকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম সাংবাদিকদের জানান, মানুষের সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই আমাদের এই মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ডেঙ্গুর প্রাদুর্ভাব যেন বিস্তৃত না হতে পারে সেজন্য সবাইকে সম্পৃক্ত করে এ অভিযানের মাধ্যমে যেসব এলাকা পরিচ্ছন্ন নয় সেসব এলাকা পরিচ্ছন্ন করব। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর