আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে ৮ আগস্ট বৃহস্পতিবার শেরপুরে আদিবাসী সমাবেশ, র্যালি, আলোচনা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি এবং ইয়্যুথ অ্যাজ চেঞ্জ এজেন্ট ফর সোসাল কোহেশন প্রকল্প গারো, কোচ, হাজং, বর্মন, হদি সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের যৌথ আয়োজনে এসব কর্মসূচির আয়োজন করে। এসব অনুষ্ঠান থেকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভুমি কমিশন, মাতৃভাষায় শিক্ষার অধিকার, শেরপুরে আদিবাসী কালচারাল একাডেমী স্থাপন এবং বাজেটে আদিবাসী জনগোষ্ঠির জন্য পৃথক বরাদ্দের দাবী জানানো হয়। সেইসাথে শেরপুরের পাহাড়ি অঞ্চলে যুগ যুগ ধরে বসবাসকারী আদিবাসীদের নিজ ভুমি থেকে উচ্ছেদ বন্ধ করার দাবী জানানো হয়।
বেলা ১১টার দিকে শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে জেলার ৭টি আদিবাসী জনগোষ্ঠির লোকজন জমায়েত হয়ে আলোচনা সভা করেন। এতে আদিবাসী নেতা সুমন্ত বর্মনের সভাপতিত্বে জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, আদিবাসী নেতা ক্লডিয়া নকরেক কেয়া, মনীন্দ্র বর্মন, বন্দনা চাম্বুগং প্রমুখ বক্তব্য রাখেন। পরে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় আদিবাসী নেতৃবৃন্দ ৬ দফা দাবী সম্বলিত প্রধানমন্ত্রী বরাবরে লিখিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নিকট হস্তান্তর করেন।
বার্তাবাজার/এসআর