ইঞ্জিন বিকল হয়ে পদ্মা নদীতে ভাসছিল ৭০টি গরু বোঝাই একটি ট্রলার। ফরিদপুরের চরভদ্রাসন থেকে শিমুলিয়া যাওয়ার পথে বুধবার বিকেল ৪টার দিকে পদ্মায় ওই ট্রলারটি বিকল হয়। পরে ট্রলারে থাকা ব্যবসায়ীরা মোবাইল ফোনে পুলিশের সাথে যোগাযোগ করলে তাদের উদ্ধারে অভিযানে নামে নৌ-পুলিশ ও শিবচর থানা পুলিশের একটি দল।
তবে গরুবোঝাই ওই ট্রলারটি পদ্মা নদীর কোন স্থানে আছে তা নিশ্চিত করতে না পারায় উদ্ধার কাজ ব্যাহত হয়। রাত ৮টার দিকে পুলিশ ট্রলারটি উদ্ধার করে শিমুলিয়া ঘাটের দিকে নিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর এলাকার ব্যবসায়ীরা ৭০টি গরুবোঝাই একটি ট্রলারটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারে ২৫ জন রাখাল ও গরু ব্যবসায়ী ছিলেন। কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে পদ্মায় ট্রলারের পাখা ভেঙে বিকল হয়ে যায়। স্রোতের টানে ট্রলারটি শিবচর উপজেলার নতুন এক ডুবোচরে গিয়ে আটকে যায়।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হাসান জানান, ‘উদ্ধারকারী একটি ট্রলার নিয়ে গরুবোঝাই ওই ট্রলারটিকে দীর্ঘ সময় খুঁজে বেরিয়েছে পুলিশ। ট্রলারে আটকে থাকা ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হলেও তারা কোন জায়গায় আটকে আছে তা নিশ্চিত করতে না পারায় ভোগান্তি পোহাতে হয়। পরে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। পদ্মায় প্রচন্ড ঢেউ ও স্রোত থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নৌ চলাচল।’
বার্তাবাজার/এসআর