ভারতের এক জাদুকরি বোলারে নাকাল ওয়েস্টইন্ডিজ

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন প্রজন্মকে নিয়ে দল গড়তে চাইছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। সেই রাস্তায় যে তিনি অনেকটাই এগিয়ে গিয়েছেন, সেটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজটা পরিষ্কার বুঝিয়ে দিল। তরুণ শক্তির উপরে ভর দিয়েই ৩-০ ফলে সিরিজ জিতে নিল কোহালির ভারত।

প্রথম দুটি ম্যাচে যদি অধিনায়কের ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দরের মতো তরুণরা, তবে শেষ ম্যাচে নায়ক দীপক চাহার।

রাজস্থানের এই তরুণ পেসার সুযোগ পেয়ে অবিশ্বাস্য একটা স্পেলে শুরুতে ক্যারিবীয়ান ব্যাটিংকে ধাক্কা দিয়ে যান। তিন ওভার বল করে চার রান দিয়ে তিন উইকেট তুলে নেন দীপক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই যে কোনও ভারতীয় বোলারের সেরা পরিসংখ্যান।

দীপকের পাশাপাশি আরও এক তরুণ ছাপ রেখে গেলেন এই ম্যাচে। তিনি ঋষভ পান্থ। প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচে চার নম্বরে নেমে ব্যর্থ হয়েছিলেন ঋষভ। এই ম্যাচেও তাকে চার নম্বরে নামানো হয়। অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে গেলেন ঋষভ।

৪২ বলে অপরাজিত ৬৫ করেন পান্থ। অধিনায়ক কোহালির সংগ্রহ ৪৫ বলে ৫৯। ওয়েস্ট ইন্ডিজের ছয় উইকেটে ১৪৬ রান মাত্র তিন উইকেট হারিয়ে, পাঁচ বল বাকি থাকতে তুলে নেয় ভারত।

সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে এক সঙ্গে দুই ভাইয়ের খেলা নতুন কিছু নয়। এর আগে খেলেছিলেন সুরিন্দর অমরনাথ-মোহিন্দর অমরনাথ, ইউসুফ পাঠান-ইরফান পাঠান, ক্রুণাল পাণ্ডিয়া-হার্দিক পাণ্ডিয়া। আর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামলেন চাহার ভাইয়েরা। পেসার দীপক এবং লেগস্পিনার রাহুল। দীপক আগেও ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে খেলেছেন। রাহুলের এটাই অভিষেক ম্যাচ ছিল। দাদার মতো সাফল্য তিনি পাননি। তিন ওভারে ২৭ রান দিয়ে রাহুল পেলেন এক উইকেট।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর