কাশ্মীরিদের জন্য যতদূর যেতে হয়, ততদূর যাব। এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।
মঙ্গলবার পাক সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরিদের প্রতি দায়বদ্ধতা পূরণে যে কোনও কিছু করতে পাক সেনাবাহিনী প্রস্তুত। এদিন রাওয়ালপিন্ডিতে সেনা কমান্ডারদের একটি বিশেষ বৈঠক ছিল। সেই বৈঠক শেষে পাক সেনার মুখপাত্র আসিফ গফুর বলেন, কাশ্মীরি জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার জন্য যতদূর করতে হয় তার জন্য পাক সেনাবাহিনী প্রস্তুত।
সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বলেন, আমাদের দায়বদ্ধতা থেকে যতদূর করতে হয় তার জন্য আমরা প্রস্তুত। ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরিদের বিশেষ মর্যাদা তুলে নেয়ায় রাওয়ালপিন্ডিতে জেনারেলের কার্যালয়ে এই বৈঠক হয়।
এদিন ইমরান খান বলেন, আমার অনুমান আরও একটা পুলওয়ামার মত ঘটনা ঘটবে। পাক পার্লামেন্টে দাঁড়িয়ে এমনটাই বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত কাশ্মীরের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে যে আরও একটা পুলওয়ামার মত ঘটনা ঘটতে খুব বেশি দেরি নেই, সেটাই মনে করেন তিনি।
সোমবার কাশ্মীর সংক্রান্ত বিল রাজ্যসভায় পাশ হয়ে যাওয়ার পর পাকিস্তানের বিরোধীরা ইমরান খানকেই দোষারোপ করতে শুরু করেন। মঙ্গলবার সকাল থেকেই এই ইস্যুতে উত্তাল হয়ে ওঠে পাক পার্লামেন্ট। অবশেষে এদিন বিকেলে ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী। কাশ্মীর ইস্যুতে ভারত সরকারকে তীব্র আক্রমণ করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিন তিনি বলেন, ‘কাশ্মীরে যা করা হল তা বর্ণবিদ্বেষী ভাবধারার ফল।’ তাঁর দাবি, ভারত এই বিল পাস করিয়ে দেশের এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইমরানের ধারনা, ভারত সরকার এবার কাশ্মীরিদের উপর অত্যাচার শুরু করবে, কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের ধুয়ে-মুছে সাফ করে দেওয়া হবে।
এই প্রসঙ্গেই ইমরান খান বলেন, ”এই ধরনের সিদ্ধান্তে আরও একটা পুলওয়ামার মত হামলা হতে বাধ্য। আমি এখন থেকেই অনুমান করত পারছি যে এরকম একটা ঘটনা ঘটবেই।” ইমরানেরদাবি, ফের একরম হামলা হলে আবারও ভারত অহেতুক পাকিস্তানকেই দায়ী করবে। আবারও আক্রমণ করার চেষ্টা করবে, যার জেরে দুই দেশের যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। আর যদি শেষ পর্যন্ত সেই যুদ্ধ চলেও, তাহলে কেউ জিতবে না, একটা আন্তর্জাতিক ক্ষতি হবে বলে মনে করেন তিনি।
বার্তাবাজার/কে.জে.পি