বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু আলমকে সম্পদের বিবরণী দাখিল করতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার কমিশনের পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা কাজী শফিকুল আলম স্বাক্ষরিত আলাদা নোটিশে তাদের সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
দুদকের অনুসন্ধানে আমীর খসরুর বিরুদ্ধে নামে-বেনামে জ্ঞাত আয়ের বেশি বিপুল সম্পদের প্রমাণ মেলায় তাকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে বিএনপির এ নেতাকে তার নিজের, তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে অনুসন্ধান কর্মকর্তার কাছে দাখিল করতে হবে।
খসরুর স্ত্রীকে দেওয়া নোটিশেও একই কথা উল্লেখ করেছেন অনুসন্ধান কর্মকর্তা। এর আগে গত বছরের ১৬ অগাস্ট অবৈধ লেনদেন, অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আমীর খসরুকে তলব করে নোটিশ দিয়েছিলেন দুদক কর্মকর্তা কাজী শফিকুল।
ওই নোটিশে একই বছরের ২৮ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। ওই তলবে আমীর খসরু উপস্থিত না হওয়ায় পরে ১০ সেপ্টেম্বর হাজির হতে আরেকটি নোটিশ পাঠিয়েছিল দুদক। কিন্তু তিনি নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন।
এরপর ১০ সেপ্টেম্বর দুদকের জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে একটি চিঠি পাঠান তিনি। হাইকোর্টে এই রিট বিচারাধীন জানিয়ে এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ না নিতে সেখানে অনুরোধ করা হয়।
পরে গত বছরের ১৬ সেপ্টেম্বর ওই রিট আবেদনটি হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য তোলা হলে তা সরাসরি খারিজ করে দেন আদালত। এরপরও আমীর খসরু দুদকে উপস্থিত হননি বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।
বার্তা বাজার/কেএ