ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, তাই ক্যামেরার সামনে নেতাদের শুধু ফটোসেশন করলে হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘মুখে যতই নিয়ন্ত্রণের কথা বলি না কেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। নামমাত্র কর্মসূচি পালন করা যাবে না। তাতে কোনো লাভ হবে না।’
তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের ক্যামেরার সামনে ফটোসেশন করলে হবে না। প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে।’
মন্ত্রী আরো বলেন, মুখে নয় কাজের মাধ্যমে ডেঙ্গু মুক্ত দেশ গড়তে হবে। পৃথিবীর চারটি বাজে বসবাস অযোগ্য শহরের মধ্যে ঢাকা চার নম্বরে উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী সব কাউন্সিলরদের পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ওর্য়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের সহায়তা করবেন বলেও জানান কাদের।
বার্তাবাজার/এএস