কুকুরকে ছোড়া পুলিশের গুলিতে তরুণী নিহত

কুকুরকে লক্ষ্য করে পুলিশের চালানো গুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম মার্গারিটা ভিক্টোরিয়া ব্রুকস (৩০)। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বৃহস্পতিবার আর্লিংটন এলাকায় এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন এ খবর জানায়।

টেক্সাস পুলিশ জানায়, বৃহস্পতিবার আর্লিংটন এলাকায় দায়িত্ব পালন করার সময় তার কর্তব্যের অংশ হিসেবে মার্গারিটার সঙ্গে কথা বলতে যান ২৫ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তা। এ সময় একটি কুকুরকে দেখে সেটি মার্গারিটার কিনা তা জিজ্ঞেস করতে যান ওই পুলিশ সদস্য। তবে, প্রশ্ন শেষ করার আগেই তাকে আক্রমণ করে বসে কুকুরটি।

প্রথমে কুকুরটিকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন তিনি। পরে আত্মরক্ষার্থে কুকুরটিকে লক্ষ্য করে ৩টি গুলি ছোড়েন ওই পুলিশ সদস্য। দুর্ভাগ্যবশত গুলি লাগে মার্গারিটা নামের ওই নারীর। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের পক্ষ থেকে পুরো ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে দাবি করা হয়েছে।

জানা যায়, তরুণ ওই পুলিশ কর্মকর্তা মাত্র এক মাস আগে প্রশিক্ষণ শেষ করেন। দায়িত্বরত অবস্থায় এটাই তার প্রথম গুলি চালানোর অভিজ্ঞতা।

এ ঘটনার প্রেক্ষিতে ওই পুলিশ সদস্যকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। কুকুরটি নিহত মার্গারিটার বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর