ঢাকার সাভারে এক দিনমজুর নারী গণধর্ষণের শিকার হয়েছেন এবং এ ঘটনায় ৫ নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। সোমবার (০৫ আগস্ট) দুপুর থেকে সাভারের ডগরমোড়া ও রেডিও কলোনিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। পরে সন্ধ্যায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
আটককৃত ৫ নির্মাণ শ্রমিক হলেন, জামালপুর জেলার টাঙালীপাড়ার ইলিয়াস উদ্দিনের ছেলে মোঃ আরিফ ও আব্দুল আজিজের ছেলে আমিনুল, গাইবান্ধা জেলার সাঘাটা থানার টইছড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বাদল, শিমুলবাড়ি গ্রামের গোলজার রহমানের ছেলে আলমগীর এবং কুমারবাড়ি এলাকার আলতাফ হোসেনের ছেলে কবীর।
ঘটনার বিবরণে প্রকাশ, কাজের সন্ধানে পাবনা থেকে মাত্র ১৫ দিন আগে এসে সাভারের সবুজবাগ এলাকায় বসবাস শুরু করেছিলেন ঐ নারী। গতকাল রবিবার (৪ আগস্ট) সকালে ভুক্তভোগী নারী সাভার বাসস্ট্যান্ডে অন্য দিনমজুরদের সাথে কাজ পাওয়ার আশায় অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্ত ৫ জন ৫শত টাকা মজুরিতে তাকে কাজের কথা বলে ডগরমোড়া এলাকায় একটি নির্মানাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাদের আচরন দেখে সন্দেহ হলে ঐ নারী চলে আসতে চাইলে তাকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্ত ৫ নির্মাণ শ্রমিক। পরে ধর্ষিতা নারী সাভার মডেল থানায় এসে অভিযোগ করলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে সোমবার দিনভর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেন জানান, ধর্ষিতা নারীর প্রাথমিক অভিযোগের পরে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ এর নির্দেশে অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে তাদের আটকে সক্ষম হই। ধর্ষিতার শারীরিক পরীক্ষার জন্য ঐ নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ (ওসিসি) তে আগামীকাল (মঙ্গলবার) পাঠানো হবে। থানায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে এবং আগামীকাল বিজ্ঞ আদালতে অভিযুক্ত ৫ আসামীকে প্রেরণ করা হবে।
বার্তাবাজার/আরএইচ