ডিবি’র অভিযানে শতাধিক বোতল ফেন্সিডিলসহ আটক ১

ঢাকা জেলা ডিবি (উত্তর) সাভারে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিলসহ মোঃ হারুন (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত রবিবার দিবাগত রাত ১২টায় সাভারের কাঠগড়া সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী মোঃ হারুন ধামরাইয়ের কুমরাইল গ্রামের টেকপাড়া মসজিদ সংলগ্ন এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে। তিনি সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় মোঃ আলী সরকারের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা যায়।

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক আশরাফুল আলম জানান, আটক মোঃ হারুন দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে আমাদের কাছে এমন তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আনুমানিক ১২ টায় ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার সাথে থাকা প্রায় ১১০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার(পিপিএম) জানান, মাদকের বিষয়ে আমরা ‘জিরো-টলারেন্স’ নীতিতে থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছি। এই অভিযানের অংশ হিসেবে আমাদের গোয়েন্দা টিম ওই মাদক ব্যবসায়ীকে ১১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর