বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

জানা যায়, শোকাবহ আগস্টের কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বেলা ১২টায় ক্যাম্পাসে এই মানববন্ধন করে।

এ সময় মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড. আর এম হাফিজুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সাইদুর রহমান, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জুবায়ের ইবনে তাহের, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ এবং পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সামসুল হকসহ কয়েকটি বিভাগের কয়েকজন সাধারণ শিক্ষার্থী।

এ সময় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নেতৃত্বের মধ্যদিয়ে বাঙ্গালি জাতি স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধু যেভাবে মাথা উঁচু রেখে বাঙ্গালি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন তা বিশ্ব ইতিহাসে অনন্য। তাঁর নীতি এবং আদর্শ আমাদের ধারণ ও লালন করতে হবে। ১৫ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার মধ্যদিয়ে যারা বাঙ্গালি জাতিকে অন্ধকারে নিয়ে যেতে চেয়েছিল সেই সকল আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের জোর দাবিও জানান বক্তারা।

অপরদিকে শিক্ষার্থীবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শোকের মাসে প্রশাসন বন্ধ রেখে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ করাসহ অন্যান্য সকল কাজে বাধা সৃষ্টি করার জন্য বেরোবি কর্মচারীদের আন্দোলনের তীব্র নিন্দা জানান এবং আন্দোলন থেকে সরে এসে বিশ্ববিদ্যালয় সচল করার দাবি জানান।

অন্যান্যদের মাঝে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) মোঃ আতিউর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (ওছঅঈ) পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

এর আগে আগস্টের প্রথম দিনেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে কালো ব্যাজ পড়িয়ে দেওয়ার মধ্যদিয়ে মাসব্যাপী শোকাবহ আগস্টের কালো ব্যাজ ধারণ ও অন্যান্য কর্মসূচি শুরু করেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর