রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় ২ জনকে আটক করেছে আশুলিয়া থানার পুলিশ। রবিবার (৪ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা যায়। এসময় আটককৃতদের ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটককৃত দু’জন হলেন- বগুড়া সদর থানার কালীতলা কাঠনাথপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে মোঃ শাফায়েত (৪২) এবং নীলফামারী সদর থানার লতিফ চাপড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে মোঃ রুবেল (৩০)।
এবিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোঃ আবু সাঈদ বলেন, আজ (রবিবার) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশমাইল এলাকায় ব্যাটারী চালিত ভ্যান থামিয়ে দুইজন মোটরসাইকেল আরোহী নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ভ্যানচালকের থেকে চাঁদাবাজী করে। এসময় ভ্যান চালকের সন্দেহ হলে সে মহাসড়কে টহলে থাকা সাভার হাইওয়ে পুলিশকে বিষয়টি জানালে হাইওয়ে পুলিশ ওই ২ প্রতারককে আটক করে আশুলিয়া থানা পুলিশে খবর দেয়। পরে আশুলিয়া থানার পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ৫টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ভুক্তভোগী ভ্যানচালক রশীদ শেখ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।