বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাসের চাপায় অটোরিকশার চালকসহ এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার সকালে উপজেলার কদিম দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক মির্জাপুর পৌর এলাকার বাইমহাটি গ্রামের শরিফুল (৪০), মির্জাপুরের বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের জাহাঙ্গীর (৩৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (২৮)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গাজীপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। বাসটি কদিম দেওহাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তাসলিমা বেগম নিহত হন। আহতদের উদ্ধার করে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় অপর দুইজন নিহত হন। এ ঘটনায় বিজয় নামের এক শিশুসহত দুজন চিকিৎসাধীন রয়েছে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছে। তিনি জানান, বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। লাশগুলোর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর