নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এক বিধবা নারী (২৩) কে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকায় তিন জনকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হচ্ছেন, মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজম গ্রামের নূর উদ্দিন (৪০), দেলোয়ার মাস্টার (৫০) ও নূরুল হুদা (৩৮)। এরআগে শনিবার দিবাগত রাতে চর মোজাম গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা ওই নারী জানান, গভীর রাতে নূর উদ্দিন, দেলোয়ার মাস্টার ও নূরুল হুদা তার ঘরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে রবিবার সকালে তার স্বজনরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, সকালে ভর্তির পর তার শারিরীক পরীক্ষা করানো হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে গণধর্ষণের ব্যপারে বিস্তারিত জানা যাবে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তিন জনকে আটক করা হয়ছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/আরএইচ