সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারাবি (১৯) সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এসময় বুকে ইটের আঘাত পেয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানও আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা-শিবতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার গাংনিয়া গ্রামের রশিদ ঢালীর ছেলে মোস্তাকিম বিল্লাহ, ঘোনা গ্রামের আরশাদ আলীর ছেলে ইমদাদুল হক মিলন, যশোর জেলার মনিরামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মহিবুল্লাহ রুবেল ও খুলনা জেলার কয়রা এলাকার ইউনুছ আলীর ছেলে ইব্রাহিম।
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুলিবিদ্ধ ফারাবির বাবা শাহাদৎ হোসেনের জানান, রাতে জামায়াত শিবির নেতাকর্মীরা ঝুটিতলা এলাকায় একটি ছাত্রাবাসে নাশকতার লক্ষ্যে গোপন মিটিং করছে এমন খবর পেয়ে তা যাচাই করার উদ্দেশ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকের নেতৃত্বে ৬/৭জন ওই এলাকায় যায়। এ সময় তাদের উপস্থিতি বুঝতে পেরে তারা প্রথমে ইটপাটকেল ও পরে গুলিবর্ষণ করে। এতে ফারাবি বাম পায়ে গুলিবিদ্ধ হন। একই সময়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকের বুকে ইট লাগে। এতে তিনি আঘাত প্রাপ্ত হন। এ সময় কয়েকজনকে একটি ঘরে আটকে রেখে পদদলিত করার ঘটনাও ঘটে। পুলিশ ঘটনাস্থলে যেয়ে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ তৃতীয় মাত্রাকে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ বাকী আসামীদেরে ধরতে অভিযানে নেমেছে বলে তিনি আরো জানান।
বার্তাবাজার/কে.জে.পি