এ মুহূর্তে ইচ্ছে না থাকলেও ভবিষ্যতে ভারতের জাতীয় দলের কোচ হতে চান সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এদিকে, ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, আমেরিকায় টি-টোয়েন্টি ক্রিকেট গ্রহণযোগ্যতা পাবে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আন্দ্রে রাসেলের অভাব অনুভব করবে ওয়েস্ট ইন্ডিজ। বলেছেন অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট। অ্যাশেজে নিজের প্রথম সেঞ্চুরি পাওয়া ইংলিশ ওপেনার রোরি বার্নস বলেছেন, ২০০৫ অ্যাশেজ জয়ী দলের অনুপ্রেরণাতেই তার এমন সাফল্য। ক্রিকেট বিশ্বের খুটিঁনাটি সব খবর থাকছে এবারের প্রতিবেদনে।
সৌরভ গাঙ্গুলি ক্রিকেট প্রশাসক। আইপিএলে পরামর্শক। টিভি ধারভাষ্যকার। ক্রিকেটের সঙ্গেইতো আছেন। তবু প্রিন্স অব ক্যালকাটা’র কাছে প্রত্যাশা যেনো আরো অনেক বেশি। কবে আসবেন কোচিংয়ে?। এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় হরহামেশা। খুব একটা আগ্রহের কথা শোনা যায়নি। অবশেষে মনের কথাটা মুখে আনলেন। ভারতীয় মিডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে স্পষ্ট করে বলেছেন, জাতীয় দলের কোচ হতে চান। তবে এখনই নয়।
সাবেক এই অধিনায়ক কথা বলেছেন কোচ নিয়োগ নিয়েও। কোহলিদের কোচ নিয়ে না ভেবে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে খেলায় মনোযোগ দিতে পরামর্শ দিয়েছেন ভারতের জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এ সফরটা কঠিন হবে বলেও সতর্ক করেছেন তিনি।
কোহলিরা আছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ম্যাচের আগে ভক্তদের সঙ্গে সময়ও কাটিয়েছেন ভারত অধিনায়ক। বলেছেন, যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে যাবে ক্রিকেট উন্মাদনা। তবে সেটা অবশ্যই টি-টোয়েন্টিতে।
অন্যদিকে, ওয়েস্টইন্ডিজ অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট মনে করেন, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আন্দ্রে রাসেলের না থাকা দলের জন্য বিরাট ক্ষতি। ইনজুরির কারণে, সিরিজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন রাসেল।
এদিকে, অ্যাশেজে সেঞ্চুরি পেয়ে রোমাঞ্চিত ইংলিশ ওপেনার রোরি বার্নস। সাফল্যের পেছনের গল্পটাও বলেছেন তিনি। ২০০৫ অ্যাশেজ জয়ী দলের সঙ্গে দেখা করেই নাকি নিয়েছিলেন অনুপ্রেরণা। সেখান থেকেই তার বদলে যাওয়া।
বার্তাবাজার/কে.জে.পি