সাংবাদিক ইয়ারব হোসেনকে সাতদিনের মধ্যে হত্যার হুমকি দিয়ে চিঠি

দৈনিক মানবজমিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ইয়ারব হোসেনকে সাতদিনের মধ্যে তার বাড়িতে যেয়ে হত্যার হুমক দিয়েছে অজ্ঞাত পরচিয় সস্ত্রাসীরা। হাতে লেখা একট চিঠিতে তারা বলেছে তার সময় আছে মাত্র সাতদিন।

সাতক্ষীরা সদর থানা পুলিশ ও সাংবাদিক ইয়ারব হোসেন বার্তা বাজারকে জানান, শুক্রবার জুম্মার নামাজের আগে কে বা কারা একটি প্যাকেট সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর মসজিদের বারান্দায় রেখে যায়। এতে লেখা ছিল ‘সাংবাদিক ইয়ারব হোসেন। তারা জানান, ইয়ারব সাতক্ষীরার বাইরে থাকায় মসজিদের ইমাম আমির হোসেন সেটা নিজ হেফাজতে রেখে দেন। শনবিার সন্ধ্যায় সবার সামনে প্যাকেটটি তার হাতে দিতেই বেরিয়ে পড়ে জীবন নাশের হুমকির নানা চিত্র। ইয়ারব হোসেন ওই মসজিদের সভাপতি।

পুলিশের এস আই তারিকুল ইসলাম জানান, প্যাকেটটিতে ছিল তিন খন্ড কাফনের কাপড়। সাথে আতর, সাবান,কর্পুর, গোলাপ পানি, সুগন্ধি, সুরমাসহ নানা উপকরণ। এর সাথে একটি চিঠি। হাতে লেখা চিঠিটি নিচে তুলে ধরা হলো।

‘ইয়ারব, সুমন সানার পিছনে লাগলে তোর অবস্থা নজরুলের মতো হবে। নজরুলকে মরছে রাস্তায়। তোকে মারবো তোর নিজ বাড়িতে। তোর সময় আর মাত্র সাতদিন। কাফনটা পাঠালাম। রেখে দিস। ইতি তোর যম।

ইয়ারব জানান সুমন সানা স্থানীয় একজন ইউপি সদস্য। তার সাথে তার বন্ধুত্ব আছে। তার নাম উদ্দোশ্যমূলকভাবে ব্যবহার করা হয়েছে। তিনি জানান আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গত ২২ জুলাই বেলা ১১ টায় সাতক্ষীরার কদমতলায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত হন। চিঠিতে সেই নজরুলের বিষয়টি উল্লেখ করেছে সস্ত্রাসীরা।

এস আই তারিকুল আরও বলেন সব আলামত জব্দ করা হয়েছে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইয়ারব হোসেনের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে উদ্বেগের সাথে সাংবাদিক ইয়ারব হোসেন সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আইন প্রয়োগকারী সংস্থা গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর