ঢাকার উপকন্ঠ ধামরাইয়ে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মশক নিধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) উপজেলার কালামপুর, বাথুলী এলাকার বিভিন্ন ড্রেণ ও জঙ্গলাকীর্ণ এলাকায় এবং ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন সহ আশেপাশের স্কুল ও মাদ্রাসায় ফগার মেশিনের সাহায্যে মশা মারার ওষুধ ছিটানো হয়।
ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার সহায়তায় ধামরাই উপজেলা ছাত্রলীগের ১ নং যুগ্ম-আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রবিউল আউয়াল রুবেল এর নেতৃত্বে এই কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা জাকারিয়া দিপু,
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা আল আমিন হোসেন উজ্জ্বল সহ ধামরাই উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
এবিষয়ে ধামরাই উপজেলা ছাত্রলীগের ১ নং যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল বলেন, আজকে মূলত জনগনকে এডিস মশার ব্যাপারে সচেতন করা সহ এর বংশবিস্তার রোধে আমরা এই কর্মসূচী হাতে নিয়েছি। ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূলমন্ত্র হলো এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা। বাড়ির আশপাশের ঝোপ, ঝাড়, জঙ্গল, জলাশয় ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেহেতু এডিস মশা মূলত এমন বস্তুর মধ্যে ডিম পাড়ে যেখানে স্বচ্ছ পানি জমে থাকে। তাই ফুলদানি, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ইত্যাদি সরিয়ে ফেলতে হবে।

উপজেলা ছাত্রলীগের মশক নিধন কর্মসূচী
তিনি আরও জানান, এডিস মশা সাধারণত সকাল-সন্ধ্যায় কামড়ায়। তাই দিনের বেলা শরীর ভালো ভাবে কাপড়ে ঢেকে বের হতে হবে, প্রয়োজনে ‘মসকুইটো রিপেলেন্ট’ ব্যবহার করা যেতে পারে।বাচ্চাদের যারা স্কুলে যায় তাদের হাফপ্যান্ট না পড়িয়ে ফুল প্যান্ট বা পায়জামা পড়িয়ে স্কুলে পাঠাতে হবে। একমাত্র সচেতনতা ও প্রতিরোধ এর মাধ্যমেই এর হাত থেকে বেঁচে থাকা সম্ভব। আজ আমরা অন্যকে সচেতন হতে সহায়তা করার পাশাপাশি যেসব জায়গায় এডিস মশা ডিম পাড়ে সেখানে ঔষধ ‘স্প্রে’ করেছি। আর আমাদেরকে ফগার মেশিন এবং মশা নিধনে কার্যকর ওষুধ দিয়ে সহায়তা করার জন্য ধামরাই পৌরসভা কর্তৃপক্ষ এবং পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লাকে ধন্যবাদ জানাই।
এসময় ঐসকল এলাকার সাধারণ জনগণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দিকনির্দেশনা প্রদান করা হয়।
বার্তাবাজার/আরএইচ