ডেঙ্গুতে কতজন মারা গেছে জানেন না স্বাস্থ্যমন্ত্রী!

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কত জন মারা গেছেন তার সঠিক সংখ্যা জানা নেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের।তবে এসময় তিনি ১৪ জনের কথা উল্লেখ করেন। সঙ্গে সঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে মৃতের সংখ্যা আরও বেশি এমন তথ্য সাংবাদিকরা তাকে জানালে সঠিক সংখ্যা কত, তা পরে জানাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

শনিবার (৩ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে বিদেশ থেকে ওষুধ আনা হচ্ছে। ওষুধের কোনও সংকট হবে না। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার জন্য ইতোমধ্যে দুই লাখ কিট আনা হয়েছে। সুতরাং কোথাও পরীক্ষার সমস্যা হবে না।’

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট নেই এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়টি দেখার জন্য গঠিত সেল কাজ করছে। তারা তদারকি করছে।’

জাহিদ মালেক বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। প্যানিকড হওয়ার কিছু নেই। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ৫০ লাখ ডেঙ্গু শনাক্তের কিট আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। দুই লাখ চলে এসেছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করেছি। সিটি করপোরেশন ভালো কাজ করছে। মশা কমানো গেলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও কমে যাবে। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, আমরা সব করছি।’

তিনি বলেন, ‘আমাদের চিকিৎসকরা দিন-রাত কাজ করছেন। এজন্য তারা প্রশংসার দাবিদার। আমরা রোজ মনিটর করছি। ডাক্তার নার্সের অভাব নেই। সবাই মিলে চেষ্টা করছি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর