‘হিন্দু’ শুক্লার উদ্দেশ্যে ‘হিন্দু’ অভিনেত্রীর একটা প্রশ্ন

সম্প্রতি ভারতের একটা ঘটনা বেশ চাউর হয়। মুসলিম ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে চাননি অমিত শুক্লা নামে এক হিন্দু গ্রাহক। তারই প্রতিবাদে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

তসলিমা নাসরিন ও প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কে মন্তব্য করে অমিত শুক্লার পুরনো কিছু টুইটের ভিত্তিতেই তাকে একহাত নেন স্বস্তিকা। নিজের টুইটার হ্যান্ডেলে অমিত শুক্লা নামে ওই ব্যক্তির কাছে স্বস্তিকা প্রশ্ন রাখেন, নারীর স্তনের ক্ষেত্রে হিন্দু-মুসলিম দেখেন না এ ক্ষেত্রে পার্থক্য খোঁজেন।

অভিনেত্রী বলেন, “নারীদের স্তন নিয়ে যখন মন্তব্য করেন, সেক্ষেত্রে যখন ধর্মের বিচার করেন না, তাহলে এক্ষেত্রে কেন?”

গেল মঙ্গলবার মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা অমিত শুক্লা জোমাটোতে খাবারের অর্ডার দিয়েছিলেন। তাকে খাবার পাঠানোর দায়িত্ব একজন মুসলিমকে দিয়েছিল জোমাটো। এরপরই অমিত শুক্লা টুইটারে লেখেন, ‘হিন্দু রাইডার না দেওয়ায় খাবারের অর্ডার বাতিল করলাম। জোর করে ডেলিভারি দিতে পারেন না। ওরা অস্বীকার করায় রিফান্ডও চাইনি’। এরপরই ওই গ্রাহককে জোমাটো জানায়, ‘খাবারের কোনও ধর্ম নেই। এটাই ধর্ম।’ এই ঘটনা ঘিরে সমালোচনার ঝড় ওঠে। এবার সেই ঘটনা প্রসঙ্গেই মুখ খুলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

প্রসঙ্গত টলি পাড়ায় সাহসী ও ঠোঁটকাটা বলেই পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এক্ষেত্রেও অমিতা শুক্লাকে একহাত নিতে ছাড়েননি তিনি। নেটিজেনরাও এগিয়ে এসেছেন স্বস্তিকার সমর্থনে। অনেকেই স্পষ্টবক্তা স্বস্তিকার এই প্রতিবাদের প্রশংসা করেছেন। অমিত শুক্লা নামে ওই ব্যক্তির মন্তব্যের বিরুদ্ধে সরবও হয়েছেন নেটিজেনদের একাংশ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর