আলাদা হলো জমজ মাথার রাবেয়া-রোকেয়া

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৩৩ ঘণ্টা ধরে অপারেশনের পর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আলাদা করা হয়েছে জোড়া মাথা নিয়ে জন্ম নেয়া রাবেয়া-রোকেয়াকে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে বুধবার রাত ১টার দিকে বাচ্চা দুটির জোড়া লাগানো মাথা আলাদা করতে অপারেশন শুরু করেন সিএমএইচের চিকিৎসকরা। অপারেশনটি করতে ৩৩ ঘণ্টা সময় লাগে।

আইএসপি জানিয়েছে, ২০১৭ সাল থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকে সব ধরনের সহায়তা পেয়ে আসছিল শিশু দুটি। এ ছাড়া হাংগেরি সরকারের মাধ্যমে ‘অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল’ নামের একটি সংগঠনও সক্রিয় সহায়তা করেছে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক সামন্ত লাল সেন শিশু দুটির সুস্থতায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।

এর আগে রাবেয়া ও রোকেয়ার দুই স্তরে ‘এন্ডোভাস্কুলার সার্জারি’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪৮টি ছোট বড় অপারেশন হাংগেরিতে সম্পন্ন হয়।

অপারেশনের সবচেয়ে জটিল অংশটি ছিল ‘জমজ মস্তিষ্ক’ আলাদা করা। এই জটিল কাজটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সম্পন্ন হয়। অপারেশনে হাংগেরি বিশেষজ্ঞদের সঙ্গে সিএমএইচের নিউরো অ্যানেসথিওলোজিস্টদের তত্ত্বাবধায়নে নিউরো ও প্লাস্টিক সার্জনরাসহ ঢাকা মেডিকেল কলেজ, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, হার্ট ফাউন্ডেশন, নিউরো সায়েন্স ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু হাসপাতালের শতাধিক সার্জন ও অ্যানেসথেসিওলোজিস্ট অংশগ্রহণ করেন।

এ ধরনের অস্ত্রোপচার সারা বিশ্বেই বিরল ঘটনা। উপমহাদেশে এটিই প্রথম। এই অপারেশনটি বাংলাদেশে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা আরো বৃদ্ধি পেল বলে জানিয়েছে সিএমএইচ কর্তৃপক্ষ।

ঢাকা সিএমএইচ কর্তৃপক্ষ আরো জানায়, এ ধরনের অপারেশন অত্যন্ত জটিল এবং সাফল্যের হার খুব বেশি নয়। অপারেশনের পর রাবেয়া ও রোকেয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। কিন্তু এ সময় অপারেশন পরবর্তী ঝুঁকি এবং জটিলতা অত্যন্ত বেশি।

দেশবাসীর কাছে রাবেয়া ও রোকেয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

শিশু রাবেয়া ও রোকেয়া পাবনার চাটমোহর উপজেলার রফিকুল ইসলাম ও তাসলিমা বেগমের মেয়ে। বাচ্চা দুটির বয়স তিন বছর ১৫ দিন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর