আশাশুনিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, আহত ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরায় পুকুরে ডুবে একই পরিবারের এক শিশুর মৃত্যু ও অপরজন আহত হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পিরোজপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জুয়েল (৭) ও আঃ রব গাজীর হাফেজী পড়ুয়া একমাত্র পুত্র হামিম হোসেন (১০) শুক্রবার সকাল ৯ টার দিকে পাশের বিলের মাঠে ফুটবল খেলা দেখতে যায়। বল পাশের পুকুরে পড়ে গেলে জুয়েল তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে হামিমও পানিতে লাফ দেয়। দু’জনের জড়াজড়িতে পানিতে তলিয়ে গিয়ে হামিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। জুয়েলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে কয়রা উপজেলার জায়গীরমহল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে চিকিৎসাধীন আছে। হামিম সাঁতার না জানার কারণে এমনটা হয়েছে বলে অনেকের ধারনা।

স্থানীয় এক যুবক ওই পথ দিয়ে যাওয়ার সময় পানিতে বল আর পানির বুদবুদ দেখে তার সন্দেহ হয়। সে পানিতে নেমে প্রথমে হামিমকে ও পরে জুয়েলকে ওঠায়। একই পরিবারে দুই শিশুর এ করুন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ আসর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে হামিম হোসেনকে দাফন করা হয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর