ঢাকার উপকন্ঠে ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহিত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) ভোররাতে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের মোঃ মাসুদ (৩০) এবং মোঃ সেলিম (১৯)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনজন মোটরসাইকেল আরোহী ধামরাইয়ের বাথুলী থেকে বারবাড়িয়া যাওয়ার পথে ‘এক্সেল লোড কন্ট্রোল’ এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদেরকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন এবং অপর দুই আরোহীর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহত যাত্রী শাওন সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এসআর