ডেঙ্গু নির্মূলে কলকাতার সহায়তা নিচ্ছে ঢাকা

ডেঙ্গু মোকাবেলায় ভারতের রাজ্যেগুলোর রাজধানীর মধ্যে কলকাতা অনেকটা এগিয়ে। যে কারণে এবার প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজধানী ঢাকার সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়াচ্ছে কলকাতা।

শনিবার (০৩ আগস্ট) দুপুরে কলকাতা পৌরসভা মিলনায়তনে এক যৌথ ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে দুই শহরের মধ্যে চলমান ডেঙ্গু সমস্যা নিয়ে কথা বলবেন মেয়ররা। ঢাকার মেয়র সাঈদ খোকন তার সবশেষ কলকাতা সফরের সময় স্থানীয় মেয়রের সঙ্গে দেখা করেন এবং বেশ কিছু বিষয়ে সহযোগিতা চান।

কলকাতা পৌর সংস্থার ডেপুটি মেয়র এবং পৌর সংস্থার স্বাস্থ্য বিষয়ক প্রধান অতীন ঘোষ শুক্রবার জানান, শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় ভিডিও কনফারেন্স হবে। সেখানে মেয়র এবং তিনি থাকবেন।

এ সময় তিনি জানান, গত বছরের চেয়ে এবার এখনও পর্যন্ত শহরে ডেঙ্গুর প্রভাব কম। ডেঙ্গু পাওয়া গিয়েছে এমন ব্যক্তির সংখ্যা ২০০। তবে শহরের মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন বলেও মনে করেন অতীন ঘোষ। তিনি বলেন, জল যেন কোথাও জমে না থাকে। স্বচ্ছ জলেই কিন্তু ডেঙ্গুর লার্ভা জন্মে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, মোট জনসংখ্যার ২ শতাংশ ডেঙ্গু হওয়াটা স্বাভাবিক বিষয়। কিন্তু কলকাতা পৌরসভায় চেয়েও কমে আছে। তাই সেটা একটা বড় সাফল্য বলেও মনে করেন কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র।

কলকাতা পৌর সংস্থা ডেঙ্গু, জ্বর ছাড়াও মশবাহিত রোগ প্রতিরোধের জন্য সারা বছরই কর্মকান্ড চালিয়ে যায়। আর এর জন্যই বর্ষা মৌসুমে মশা বাহিত রোগ-ব্যাধিও আগের চেয়ে অনেক কমে গিয়েছে বলেও দাবি করেন সংশ্লিষ্টরা।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর