ঢাকার সাভারে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিটিএসি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক চালক ও বাসটি আটক করেছে পুলিশ। নিহত শিল্পী আক্তার কুমিল্লা জেলার দেবিদ্বার থানার সোনার ঘর এলাকার শাহ আলম মুন্সির মেয়ে। সে চট্টগ্রাম উত্তর হালিশহরের চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার প্রকৌশল বিভাগের ছাত্রী ছিল বলে জানা গেছে।
নিহতের পাশের সিটে বসা এক প্রত্যক্ষদর্শী জানান, ‘বাসটি দ্রুত গতিতে চলছিলো। বিপিএটিসি এলাকায় যাত্রী উঠানোর উদ্দেশ্যে বাসটি হঠাৎ ব্রেক করলে আমার পাশে থাকা ছাত্রী বাসের দরজা দিয়ে ছিটকে বাইরে পড়ে যায়। এসময় সে তিন-চারটি গড়াগড়ি খায় ও বাসের সামনের চাকা তার পায়ের উপর দিয়ে চলে যায়। এসময় তার নাক-মুখ দিয়ে রক্ত পড়তে থাকলে আমরা কয়েকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।’
অন্যান্য প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ওই বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন ছাত্রী। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং যাত্রীবাহী বাসের চালক জাহিদ হাসানকে আটক করে।
এব্যাপারে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ মেরাজুল রেহান পাভেল জানান, হাসপাতালে আসার আগেই ছাত্রীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর মৃত্যু হয়েছে।
এই ঘটনার সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বার্তাবাজার/আরএইচ