নারায়নগঞ্জে আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঘর

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় আগুনে পুড়েছে অর্ধশতাধিক বস্তিঘর। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের পাশে চাঁদমারী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার দিকে চাঁদমারী এলাকায় বস্তিতে আগুন লাগে। নিমেষে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ২০–৩০ ফুট ওপরে উঠে যায়। আতঙ্কে বস্তির লোকজন ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে অবস্থান নেয়। বস্তির পাশেই সিএনজি স্টেশন থাকায় মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়ে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের সাতটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায় নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

উল্লেখ্য, এ বস্তিতে কয়েক মাস আগেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০-৩৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া প্রতি বছর এ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বার্তাবজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর