কালো ব্যাজ ধারণ এবং মৌন মিছিলের মধ্যদিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এ শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু হয়েছে।কর্মসূচির শুরুতেই মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে কালো ব্যাজ পড়িয়ে দেন।
পরে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মৌন মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আয়োজিত বৃহস্পতিবার বেলা ১২টায় একাডেমিক ভবনের সংযোগ সড়কে এ সকল কর্মসূচি পালন করা হয়।
মৌন মিছিলের পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ। এসময় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নেতৃত্বের মধ্যদিয়ে বাঙালি জাতি স্বাধীন ভূখন্ড লাভ করে, একইভাবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেও বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়।
যুগে যুগে বঙ্গবন্ধুর অবদান বাঙালি জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর মাসব্যাপী শোকাবহ আগস্টের কর্মসূচি পালন করা হয় বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (ওছঅঈ) পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সাইদুর রহমান এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান। বক্তারা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা খুনীদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানান।
ঘাতকদের শাস্তি প্রদানের মধ্যদিয়ে জাতি কলঙ্ক মুক্ত হবে বলেও জানান বক্তারা। বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের অবদান জানার এবং বঙ্গবন্ধর আদর্শ ধারণ করার আহবান জানানো হয়। এ সময় বক্তারা দাবি মানার পরেও কর্মচারীরা অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বন্ধ রাখার নিন্দা জানান এবং আন্দোলন প্রত্যাহারের দাবি জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কয়েকজন শিক্ষার্থীরা ও বক্তব্য রাখেন।
দিনের এসকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) মোঃ আতিউর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।
বার্তা বাজার/কেএ