ঢাকার সাভারের আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গিয়াস মোল্লা (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার মোজারমিল এলাকার লাবু দেওয়ানের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানা যায়।
আটক গিয়াস মোল্লা নওগাঁ জেলার সদর থানার বাসিন্দা। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী সেই শিশু তার নিজ ঘরে একা থাকায় প্রতিবেশী গিয়াস শিশুটিকে ফুসলিয়ে নিজের কক্ষে নিয়ে এসে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে বৃদ্ধকে আটকে রেখে পুলিশকে খরব দেয়। পরে পুলিশ এসে বৃদ্ধকে আটক করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক নাহিদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে আটক করি এবং শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করাতে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে পাঠাই। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বার্তা বাজার/এসআর