এফবিসিসিআইয়ের সক্ষমতা বৃদ্ধি এবং রেগুলেটরি ইম্প্যাক্ট এনালাইসিস বিষয়ে এক আলোচনা অনুষ্ঠান আজ (১-৮-২০১৯) বিকেলে স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এফবিসিসিআই তথা দেশের প্রতিনিধিত্বকারী বাণিজ্য খাতের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এফবিসিসিআই ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এর সহায়তায় গত ৫ দিন ব্যাপি যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল, আজকের অনুষ্ঠানে তার সারমর্ম রিপোর্ট প্রকাশ করা হয়।
উল্লেখ্য যে, এফবিসিসিআই নীতি গবেষণার লক্ষ্যে ‘ইকোনমিক পলিসি রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। প্রাইজ ওয়াটার হাউজ কুপারস (পিডব্লিউসি), বাংলাদেশ এবং জ্যাকবস, কর্ডোভা এন্ড এসোসিয়েটস আয়োজিত প্রশিক্ষণে কারিগরি সহায়তা প্রদান করে।
এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো: মুনতাকিম আশরাফ, এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতিবৃন্দ এবং সংগঠনের সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন-এর সিনিয়র অর্থনীতিবিদ জনাব আলী জাফর, প্রাইজ ওয়াটার হাউজ কুপারস, বাংলাদেশ-এর ম্যানেজিং পার্টনার জনাব মামুন রশিদ এবং জ্যাকবস, কর্ডোভা এন্ড এসোসিয়েটস-এর ব্যবস্থাপনা পরিচালক মি. স্কট এইচ জ্যাকবস উপস্থিত ছিলেন।
এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো: মুনতাকিম আশরাফ তাঁর বক্তব্যে বলেন যে, মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সচ্ছ নীতি চর্চার প্রয়োজনীয়তা রয়েছে।
মি. স্কট এইচ জ্যাকবস অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি খাতের জন্য নীতি সংস্কারের গুরুত্ব তুলে ধরেন এবং ভালো নীতি চর্চার মাধ্যমে বাংলাদেশ কিভাবে উপকৃত হতে পারে তা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বার্তা বাজার/এসআর