সব সন্দেহ দূর করলেন আমিরের স্ত্রী

হঠাৎ পাকিস্তানের অন্যতম পেসার মোহাম্মদ আমির অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। তিনি অবসরনিলেন মাত্র ২৭ বছর বয়সে। তার এই অসময়ে অবসর ঘোষণা ভাল ভাবে নেননি সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং ক্রিকেট ফ্যানেরা। এও শোনা যাচ্ছে যে, আমির টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে নিতে পারেন। এই খবর ছড়ানোর পরেই আমিরের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।

এই বিষয় নিয়ে আমির কোনও কথা না বললেও এ বার মুখ খুললেন তার স্ত্রী নারজিস আমির। তিনি বলেন, ‘যদিও কাউকে আমাদের সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করিনা, তবুও যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাঁদের জন্য জানাচ্ছি, আমার স্বামী আমিরের ইংল্যান্ড বা অন্য দেশের হয়ে খেলার প্রয়োজন নেই। তিনি একজন গর্বিত পাকিস্তানি এবং সে দেশের হয়ে খেলতে ভালবাসেন। শুধু আমির নয়, আমাদের মেয়ে মিন্সা যদি ক্রিকেট খেলতে চায়, তাহলে সেও তার বাবার মতো পাকিস্তানের হয়েই খেলবে। আর সেটাই আমিরের ইচ্ছা।’

নারজিস আরও বলেন, ‘আমির টেস্ট খেলা থেকে অবসর নিয়েছেন যাতে দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে বেশি করে মনোযোগ দিতে পারেন। কামনা করি আল্লাহ যেন নেতিবাচক চিন্তা করা মানুষদের মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনা করার শক্তি দেন।’

নারজিস নিজে ব্রিটিশ নাগরিক। সেই সূত্রে আমির ৩০ মাস ব্রিটেনে থাকতে পারেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে রোববার জানা গিয়েছিল, পাক পেসার পাকাপাকি ভাবে ব্রিটেনে থাকার পরিকল্পনা করছেন। এই খবর ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়লে রোষের মুখে পড়েন আমির। সেই আগুনে ঘি ঢালেন আমির নিজেই। তিনি টুইটারে, ‘আমিরের এই সন্ত্রাসবাদী দেশ থেকে চলে যাওয়া উচিত’ লেখায় লাইক দেন। যা আরও অসন্তোষ সৃষ্টি করে। পাক কিংবদন্তি শোয়েব আখতারও আমিরের এই অসময় অবসর মেনে নিতে পারেননি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর