সমালোচনার মুখে মধ্যরাতে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে বিদেশে ব্যক্তিগত সফরে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বুধবার মধ্যরাতে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যদিও তার ফেরার কথা ছিল ৪ আগস্ট।বৃহস্পতিবার (১লা আগস্ট) দুপুর ২টায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, গতকাল বুধবার রাতে স্বাস্থ্যমন্ত্রী দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার প্রথমে মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু কর্নার উদ্বোধন করবেন। পরে দুপুর ২টায় সংবাদ সম্মেলনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের অবহিত করবেন।

ডেঙ্গু পরিস্থিতি জটিল হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আর এ সংকটের মাঝেই ২৮ জুলাই সপরিবারে ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী।

কিন্তু দেশের এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। তাই মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করেই দেশে ফিরে আসেন জাহিদ মালিক।

এর আগে জানা যায়, স্বাস্থ্যমন্ত্রী ত্রাণ বিতরণের জন্য নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জে তিন দিন ধরে অবস্থান করছেন। মাঝখানে মন্ত্রণালয়ে এসে মিটিং করে আবার এলাকায় ফিরে গেছেন। পরে জানা যায়, জাহিদ মালিক মালয়েশিয়ায় অবস্থান করছেন। তবে সরকারি কোনো কাজে তিনি সেখানে যাননি, গেছেন ব্যক্তিগত সফরে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর