ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ ইং অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) ২য় পর্যায়ের প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ জুলাই) সরেজমিন অনুসন্ধানে গিয়ে বিষয়টি জানা যায়।
এর আগে, সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট তথ্য অধিকার আইনে এই অর্থবছরের ইজিপিপি প্রকল্পের তথ্য চাওয়া হয়। প্রাপ্ত তথ্যের যাচাইয়ের জন্য অনুসন্ধানে গেলে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় সামনে আসে।
২০১৮-২০১৯ ইং অর্থবছরে এই ইউনিয়নে ইজিপিপি কর্মসূচীতে মোট ৩টি প্রকল্পে মোট ২৯,৭৬,০০০/- (ঊনত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা সরকারী বরাদ্দ আসে। প্রকল্পগুলি হলোঃ
(১) কমলাপুর বাচ বাড়ি বিলাশ গমেজের বাড়ি হতে প্রদীপ রিবেরুর বাড়ি পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন প্রকল্পটি ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাজিয়া সুলতানার তত্বাবধানে সম্পন্ন হয়। এ প্রকল্পটিতে মোট ১১৬ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে ৪০ দিনে কাজটি শেষ করে। সরকারী বরাদ্দ ছিলো ৯,২৮,০০০ টাকা।
(২) বাগ্নীবাড়ি পিপুলিয়া হতে গোদারী ঘাট পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন প্রকল্পটিতে মোট ১১,২০,০০০ টাকা সরকারী বরাদ্দ আসে। ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেলিনা আক্তারের তত্বাবধানে এই কাজটি সম্পন্ন হয়। মোট ১৪০ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে ৪০ দিনে প্রকল্পের কাজটি শেষ করে।
(৩) ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নুর তাজ এর তত্বাবধানে দেউন শওকত এর জমি হতে দেউন কবরস্তান পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন এর কাজটি সম্পন্ন হয়। এ প্রকল্পে মোট ৯,২৮,০০০ টাকা সরকারী বরাদ্দ ছিলো। ১১৬ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে কাজটি সম্পন্ন করে।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্যসমূহ সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক কে অবগত করানো হয়েছে।
বার্তাবাজার/আরএইচ