ব্যাংক কর্মকর্তা’র আত্মহত্যা

নীলফামারীর জলঢাকা উপজেলায় রবিউল ইসলাম (৫৫) এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ঘটনাটি বুধবার সকালে জলঢাকা উপজেলার কলেজপাড়ার নিজ বাসার শোবার ঘরে সিলিংফ্যানের সঙ্গে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত রবিউল ইসলাম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নীলফামারীর জলঢাকা উপজেলার বড়ভিটা শাখার ব্যবস্থাপক। তিনি জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের বিজলীডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে। কলেজপাড়ার এলাকাবাসী জানান, রবিউল ইসলামের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

বড় মেয়ে একটি প্রাইভেট মেডিকেল কলেজের ছাত্রী আর ছোট ছেলে এবার এইচএসসি পরীক্ষা দেবে। ছোট ছেলের লেখাপড়ার কারণে ব্যাংক কর্মকর্তার স্ত্রী নীলফামারীর সৈয়দপুর শহরে থাকতেন। ব্যাংক কর্মকর্তা জলঢাকার বাসায় একাই থাকতেন। তবে তার বাসার পৃথক দুই ইউনিটে দুটি পরিবার ভাড়া থাকে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, প্রতিদিনের মতো বুধবার সকাল ৬টার দিকে রবিউল ইসলামকে বাড়ির বাহিরে হাঁটাহাঁটি ও মোবাইলে কথা বলতেও দেখা যায়। এর পর তিনি বাসায় প্রবেশ করেন। সকাল সাড়ে ৭টার দিকে ব্যাংক কর্মকর্তার বাসার গৃহকর্মী নাস্তা তৈরি করতে এসে দেখেন ওই কর্মকর্তা ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছেন। ঘরের দরজা-জানালা খোলাই ছিল। এর পর ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং পুলিশকে খবর দেয়া হয়। রবিউল ইসলামের স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে আসে এর পর তাদের উপস্থিতিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তার আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর