পাবনায় দিনে দুপুরে ওষুধের দোকান থেকে ব্যবসায়ীর পঞ্চান্ন হাজার টাকা মেরে পালিয়েছে পকেটমার। দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এই চুরির দৃশ্য ধরা পড়েছে। ভুক্তভোগী ব্যাবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ পকেটমারকে গ্রেফতারে মাঠে নেমেছে।
ভুক্তভোগী ব্যাবসায়ী শহিদুল ইসলাম মন্টু জানান, শনিবার বিকেলে সাথিয়ার নাড়িয়া গদা গ্রামের নিজ বাড়ি থেকে শহরের আব্দুল হামিদ সড়কের মিজান ফার্মেসিতে ওষুধ কিনতে আসেন তিনি।
মাত্র কয়েক মিনিটের মধ্যে এক পকেটমার তার পাঞ্জাবীর পকেট থেকে পঞ্চান্ন হাজার টাকা নিয়ে সটকে পড়ে। মিজান ফার্মেসির সিসিটিভি ক্যামেরা ফুটেজ পরীক্ষার পর তার চুরি করার পুরো দৃশ্য স্পষ্ট ধরা পড়ে।
শহিদুল আরো জানান, এ ব্যাপারে ফুটেজ জমা দিয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
পাবনা সদর থানারঅফিসার ইনচার্জ ওবাইদুল হক জানান, ব্যবসায়ী শহিদুল হকের অভিযোগ পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া পকেটমারকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। দ্রুততম সময়ে পকেটমারকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বার্তাবাজার/আরএইচ